
রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনের লিফট দুর্ঘটনায় ৯ জন আহত হয়েছেন। আহতদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। মঙ্গলবার (২৭ মে) সকাল পৌনে ৯টায় এ ঘটনা ঘটে।
লিফটম্যান তৌফিকসহ ৯ জনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। আহত সবাই একনাবিন অডিট ফার্মের কর্মী। তারা মাথায়, হাতে, পায়ে এবং পেটে আঘাত পেয়েছেন।
দুর্ঘটনার খবর পেয়ে তেজগাঁও থানার একটি পেট্রোল টিম ঘটনাস্থলে আসে। পেট্রোল টিমের ইনচার্জ উপ পুলিশ পরিদর্শক তাপষ বণিক বার্তাকে বলেন, ১৩ জনকে লিফট থেকে উদ্ধার করা হয়। এরমধ্যে ৫ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে একজনকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা কেউ এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ দেননি। তবে তারা মৌখিক ভাবে জানিয়েছেন ভবন কর্তৃপক্ষের লিফট ব্যবস্থাপনায় অবহেলার বিষয়টি। ভবনের মালিকপক্ষ লিফট ব্যবস্থাপনা ত্রুটিমুক্ত করার পাশাপাশি মান উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন। এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটির ৪টি লিফটের মধ্যে দুটিই দীর্ঘদিন ধরে নষ্ট। বাকিগুলোও ঝুঁকিপূর্ণ অবস্থায় ব্যবহৃত হত। বহুবার তাগিদ দেয়ার পরও বিডিবিএল কর্তৃপক্ষ লিফটের ব্যাপারে কর্ণপাত করেনি বলে অভিযোগ রয়েছে। এ সময় ভবনের বিভিন্ন অফিসের কর্মীরা ক্ষোভ প্রকাশ করেন।
ভবনের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা বলেন, ভবনটির লিফটগুলো মেরামত বা নতুন লিফটের ব্যবস্থা করা না হওয়া পর্যন্ত তারা কাজে যোগ দেবেন না। এছাড়া, ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান তারা।
মন্তব্য করুন