বাংলাদেশে চীনের আর্থিক সহায়তায় গড়ে উঠতে যাচ্ছে তিনটি ‘চীন-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল’। উন্নত চিকিৎসাসেবা, আধুনিক অবকাঠামো এবং সাশ্রয়ী সেবার প্রতিশ্রুতি নিয়ে এই উদ্যোগকে দেশের স্বাস্থ্য খাতের নতুন মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। তবে ঘোষিত স্থানগুলোর তালিকায় মৌলভীবাজার জেলার নাম না থাকায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন এখানকার নাগরিক সমাজ।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি পোস্টার যেখানে লেখা —
“চীনের প্রস্তাবিত ৩ ফ্রেন্ডশিপ হাসপাতালের একটি চাই মৌলভীবাজারে।”
— এটি স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। জেলার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এক কণ্ঠে দাবি তুলছেন: “আমাদের উন্নয়নেও সমান দৃষ্টি দেওয়া হোক।”
জেলা সদর হাসপাতালসহ কয়েকটি বেসরকারি ক্লিনিক থাকলেও আন্তর্জাতিক মানের বা বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র নেই। জটিল রোগের চিকিৎসার জন্য সিলেট বা ঢাকায় যেতে হয়, যা সময় ও অর্থ—দুটিরই অপচয় এবং বিপদের কারণ হয়।
মৌলভীবাজার বাংলাদেশের অন্যতম প্রবাসী-নির্ভর এলাকা। এখানকার প্রবাসীরা দেশের অর্থনীতিতে বিশাল অবদান রাখছেন। সেই প্রেক্ষাপটে একটি আধুনিক হাসপাতাল এই জেলার মানুষের একটি ন্যায্য পাওনা বলে মনে করছেন অনেকেই।
চা-বাগান, পাহাড় এবং প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা মৌলভীবাজারে প্রতিবছর দেশি-বিদেশি পর্যটক আসেন। একটি আধুনিক হাসপাতাল না থাকায় দুর্ঘটনা বা জরুরি রোগে তা পর্যটন নিরাপত্তার জন্যও ঝুঁকি। উন্নত চিকিৎসা ব্যবস্থা গড়ে উঠলে চিকিৎসা পর্যটনের সম্ভাবনাও তৈরি হবে।
একজন স্থানীয় শিক্ষক বলেন, “আমাদের এখানে হাজার হাজার প্রবাসীর পরিবার আছে, কিন্তু চিকিৎসার জন্য এখনও ঢাকা বা সিলেটে ছুটতে হয়। যদি এমন একটি ফ্রেন্ডশিপ হাসপাতাল হয়, তাহলে মৌলভীবাজারবাসীর জীবনমান পাল্টে যাবে।”
সামাজিক যোগাযোগমাধ্যমে যেমন দাবির ঝড় উঠেছে, তেমনি মাঠ পর্যায়ে রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃত্বের দিকেও তাকিয়ে রয়েছেন সাধারণ মানুষ। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও নীতিনির্ধারকদের কাছে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে ইতোমধ্যে দাবি পৌঁছেছে বলেও জানা গেছে।
মৌলভীবাজারে একটি ‘চীন-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল’ প্রতিষ্ঠা এখন শুধুমাত্র একটি স্বাস্থ্য প্রকল্প নয়—এটি এখানকার মানুষের সমান উন্নয়ন ও মর্যাদার প্রশ্ন। এই দাবি পূরণ হলে শুধু একটি হাসপাতাল নয়, তৈরি হবে নতুন আস্থা ও আশার কেন্দ্র।সরকার যদি বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করে, তবে এটি হবে মৌলভীবাজারবাসীর জন্য এক যুগান্তকারী উপহার।
মন্তব্য করুন