নরসিংদীর মাধবদীতে মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে স্বামী ও স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রথমে শুক্রবার (১৯ এপ্রিল) রাতে নিজ বাড়ি থেকে স্ত্রী মানছুরা বেগমের (৩৫) মরদেহ উদ্ধার করা হয়।
এরপর শনিবার সকাল ১১টার দিকে বাজারের একটি ভবনের কার্ণিশ থেকে ঝুলন্ত অবস্থায় স্বামী রাজু মিয়ার (৪০) মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়দের বরাতে জানা যায়, বালুসাইর এলাকার বাসিন্দা রাজু মিয়া দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন, যার ফলে সংসারে অশান্তি ছিল নিয়মিত। দাম্পত্য জীবনের ১৯ বছরে তাদের সংসারে রয়েছে দুই পুত্র ও এক কন্যা সন্তান।
ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে শুক্রবার রাতে স্ত্রী মানছুরা বেগমকে শ্বাসরোধে হত্যা করে রাজু মিয়া। পরবর্তীতে ঘরের দরজায় তালা লাগিয়ে সে পালিয়ে যায়। রাতে পরিবারের সদস্যরা দরজা না খোলায় পুলিশকে খবর দিলে তালা ভেঙে ভেতরে ঢুকে ওড়না পেঁচানো অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ।
শনিবার সকাল ১১টার দিকে মাধবদীর শেখেরচর-বাবুরহাট বাজারের একটি তিনতলা ভবনের কার্ণিশে রাজু মিয়ার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয় ব্যবসায়ীরা।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাজু মিয়া তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায় এবং পরে আত্মহত্যা করে। তবে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।”
একই পরিবারের স্বামী-স্ত্রীর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে চরম শোক ও চাঞ্চল্য। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের জন্য উভয়ের মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন