দীর্ঘ ১০ বছর পর আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলা-তে প্রথমবারের মতো একজন অভিযুক্তকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তি সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান-কে ৩ দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার বিকেলে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হক এ আদেশ দেন।
এর আগে, পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম অভিযুক্ত হাফিজুর রহমানকে তার বাসা থেকে গ্রেপ্তার করে আদালতে হাজির করেন।
মামলার অগ্রগতির বিষয়ে জানা গেছে, সম্প্রতি তিন সন্দেহভাজন—সার্জেন্ট জাহিদ, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান এবং সৈনিক শাহিনুল আলমের ডিএনএ নমুনা সংগ্রহ ও ক্রস-ম্যাচের জন্য আদালতের অনুমতি চাওয়া হয়েছিল।
আদালত সূত্রে জানা গেছে, এ পর্যন্ত এই মামলার ৮০টির বেশি তারিখ পার হয়েছে এবং চারটি সংস্থার সাতজন তদন্ত কর্মকর্তা মামলাটি পরিচালনা করেছেন—যা বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার একটি বড় উদাহরণ।
এদিকে, আজ বিকেলে তনুর বাবা-মা ও ছোট ভাই রুবেল হোসেন কুমিল্লা আদালতে উপস্থিত হন। তাদের জবানবন্দি গ্রহণের প্রক্রিয়া চলছে।
দীর্ঘদিন পর এই গ্রেপ্তার মামলাটির নতুন মোড় হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এখন নজর থাকবে তদন্ত ও বিচার প্রক্রিয়ার অগ্রগতির দিকে—আদৌ কি এ হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন হবে, সেটাই বড় প্রশ্ন।
মন্তব্য করুন