অন্তর্বর্তী সরকারের সময় শিশুদের জন্য হামের টিকা বিদেশ থেকে আমদানি করা হয়নি বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার সংসদ অধিবেশনে গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ-এর এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী বলেন, হামে আক্রান্ত হয়ে অনেক শিশু মৃত্যুবরণ করেছে, যা অত্যন্ত দুঃখজনক। তবে সরকার এখন পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, স্বৈরাচার সরকারের সময় তো বটেই, এমনকি অন্তর্বর্তী সরকারের সময়ও কয়েক বছর ধরে হামের টিকা আমদানি করা হয়নি—যার ফলেই বর্তমান এই সংকট তৈরি হয়েছে।
তবে পরিস্থিতি সামাল দিতে আন্তর্জাতিক সহায়তা এসেছে বলেও জানান তিনি। বিশেষ করে ইউনিসেফ দ্রুত বাংলাদেশে হামের টিকা সরবরাহ করেছে। এর ফলে দেশের প্রায় ২ কোটি শিশুকে টিকা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী জানান, শুধু টিকা নয়, হামের শনাক্তকরণে ব্যবহৃত পরীক্ষার কিটেও ঘাটতি রয়েছে। তবে ইতোমধ্যে কিছু কিট দেশে এসে পৌঁছেছে এবং আরও কিছু কিট বিমানবন্দরের কাস্টমসে রয়েছে, যা দ্রুত ছাড় করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, একটি কিট দিয়ে তিনটি পর্যন্ত পরীক্ষা করা সম্ভব, তাই কিট সরবরাহ বাড়ানো গেলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা যাবে।
সব মিলিয়ে, সরকার টিকা সরবরাহ, পরীক্ষা বৃদ্ধি এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আনতে কাজ করছে বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী।
মন্তব্য করুন