সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা বৃদ্ধিতে চীনের সহযোগিতা চেয়েছেন জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ।
চীনের রাজধানী বেইজিং-এ অনুষ্ঠিত একটি সেমিনারে তিনি এই আহ্বান জানান।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে আয়োজিত ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনা বিষয়ক সেমিনারে অংশ নেয়।
স্থানীয় সময় সকাল ১০টায় বেইজিংয়ের মিনজো হোটেলে অনুষ্ঠিত এই সেমিনারে বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইসমাইল জবিউল্লাহ।
সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন চাইনিজ একাডেমি অব সোশ্যাল সায়েন্সেস-এর অধীন ন্যাশনাল একাডেমি অব চাইনিজ মডার্নাইজেশনের অধ্যাপক জু সিউজুন।
তিনি চীনের ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনার বিভিন্ন তাত্ত্বিক ও বাস্তব দিক তুলে ধরেন। জাতীয় থেকে স্থানীয় পর্যায়ে পরিকল্পনা বাস্তবায়ন, মনিটরিং এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার কৌশল নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
এ সময় ইসমাইল জবিউল্লাহ বলেন, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন অবকাঠামো, প্রযুক্তি ও অর্থনৈতিক উন্নয়নে যে অগ্রগতি অর্জন করেছে, তা বাংলাদেশের জন্য শিক্ষণীয়।
তিনি বিশেষভাবে সরকারি কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে চীনের সহায়তা কামনা করেন। ডিজিটাল গভর্নেন্স, প্রযুক্তিনির্ভর প্রশাসন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, বিগ ডেটা অ্যানালিটিক্স এবং ই-গভর্নেন্স খাতে যৌথ কাজের সম্ভাবনার কথা তুলে ধরেন তিনি।
একই দিনে প্রতিনিধি দলটি বেইজিংয়ে একটি রোবট প্রদর্শনী পরিদর্শন করে, যেখানে আধুনিক প্রযুক্তির নানা উদ্ভাবন কাছ থেকে দেখার সুযোগ হয় তাদের।
এর আগের দিন দলটি চীনের ভেষজ ও স্বাস্থ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান Jiuxianzun Huoshan Dendrobium Company Ltd. পরিদর্শন করে। এই প্রতিষ্ঠানটি ডেনড্রোবিয়াম প্রজাতির উচ্চমূল্যের ভেষজ উদ্ভিদ চাষ, প্রক্রিয়াজাতকরণ ও বিপণনে বিশেষ সুনাম অর্জন করেছে।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপি’র ১৯ সদস্যের একটি প্রতিনিধি দল চীন সফরে যায়।
বিশ্লেষকদের মতে, এই সফর দুই দেশের মধ্যে প্রশাসনিক দক্ষতা উন্নয়ন ও প্রযুক্তিগত সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।
মন্তব্য করুন