হবিগঞ্জের মাধবপুরে দুঃস্থ, অসহায় ও নিম্নআয়ের মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও পাওয়ার চশমা বিতরণ করেছে পল্লীমঙ্গল কর্মসূচী (পিএমকে)।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আয়োজিত এই ক্যাম্পে প্রায় ২৯০ জন রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন। মাধবপুর শাখার উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের চোখ পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ, ব্যবস্থাপত্র প্রদান এবং স্বাস্থ্য সচেতনতা বিষয়ে দিকনির্দেশনা দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএম-এর জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন এপিএম জনাব মোহাম্মদ হাবিবুর রহমান। সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন মাধবপুর শাখার ব্রাঞ্চ ম্যানেজার জনাব বি এম মোহাম্মদ মুক্তার আলী তালুকদার।
তিনি জানান, গ্রামীণ এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। অর্থের অভাবে যারা চিকিৎসা নিতে পারেন না, তাদের জন্য নিয়মিতভাবে এ ধরনের ফ্রি মেডিক্যাল ক্যাম্প আয়োজন করা হচ্ছে।
এই ক্যাম্পে মাধবপুর ছাড়াও নাছিরনগর, বিজয়নগর, সরাইল ও চুনারুঘাট এলাকা থেকে আসা রোগীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
চিকিৎসা নিতে আসা আবিনা বেগম (৭০) বলেন, “ফ্রি ক্যাম্প হওয়ার কারণে সহজেই চোখ পরীক্ষা করাতে পেরেছি। চশমা ও ওষুধও পেয়েছি, এতে আমি খুবই খুশি।”
অন্যদিকে কাসেম আলী (৮০) বলেন, “অনেকদিন ধরে চোখের সমস্যায় ভুগছিলাম। এখানে এসে বিনামূল্যে চিকিৎসা, চশমা ও ওষুধ পেয়ে অনেক উপকার হলো।”
স্থানীয়দের প্রত্যাশা, এ ধরনের বিনামূল্যের চিকিৎসা সেবা কার্যক্রম নিয়মিত চালু থাকলে দরিদ্র ও সাধারণ মানুষ আরও বেশি উপকৃত হবে।
মন্তব্য করুন