কিশোরগঞ্জ সদর থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে ১০ গ্রাম গাঁজাসহ মো. জালাল (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের ‘ক’ সার্কেল। আজ সোমবার (২০ এপ্রিল) বিকেল ৪টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।
আটককৃত মো. জালাল কিশোরগঞ্জ সদর থানার পাঠদা কাঁঠালিয়া গ্রামের মৃত মংলার ছেলে।
অভিযান সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. ওবায়দুল্লাহ খানের নেতৃত্বে কিশোরগঞ্জ সদর থানার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এসময় ১০ গ্রাম গাঁজাসহ জালালকে হাতেনাতে আটক করা হয়।
পরবর্তীতে আটককৃত আসামিকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা আক্তার রুপা আসামিকে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
মাদকবিরোধী এই অভিযান ও মামলার প্রসিকিউশন দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। জনস্বার্থে মাদকবিরোধী এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মন্তব্য করুন