বলিউড বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে স্পাই থ্রিলার ধুরন্ধর ২। রণবীর সিং অভিনীত এই সিনেমাটি মুক্তির মাত্র ৮ দিনের মধ্যেই ৬২৩ কোটি রুপির বিশাল মাইলফলক ছুঁয়ে ফেলেছে।
গত ১৯ মার্চ মুক্তির পর থেকেই সিনেমাটি একের পর এক রেকর্ড ভেঙে চলেছে। এর মধ্যেই এটি ছাড়িয়ে গেছে ভিকি কৌশল অভিনীত ব্লকবাস্টার ছাবা-এর লাইফটাইম কালেকশন।
পরিসংখ্যান বলছে, মুক্তির প্রথম সপ্তাহান্তেই ‘ধুরন্ধর ২’ আয় করে প্রায় ৪৫৪ কোটি রুপি। এরপর সপ্তম দিনে প্রায় ৪৮ কোটি এবং অষ্টম দিনে প্রায় ৫০ কোটি রুপি আয় করে সিনেমাটি।
বিশ্লেষকদের মতে, এই গতি অব্যাহত থাকলে দ্বিতীয় সপ্তাহান্তেই সিনেমাটি ৭৫০ কোটির ঘর অতিক্রম করতে পারে। শুধু ভারতেই নয়, আন্তর্জাতিক বাজারেও সিনেমাটির সাফল্য চোখে পড়ার মতো। বিশ্বব্যাপী এর আয় ইতোমধ্যে ৯০০ কোটি ছাড়িয়ে গেছে এবং দ্রুত ১০০০ কোটির ক্লাবের দিকে এগোচ্ছে।
আদিত্য ধর পরিচালিত এই সিনেমায় রণবীর সিংয়ের পাশাপাশি অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, আর মাধবন, অর্জুন রামপাল এবং সারা অর্জুন।
এই সিনেমাটি ইতোমধ্যেই ভেঙে দিয়েছে গদর ২ এবং পাঠান-এর রেকর্ড। এখন বিশ্লেষকদের নজর রয়েছে আমির খান অভিনীত দঙ্গল-এর সর্বকালের রেকর্ডের দিকে, যার আয় ছিল প্রায় ২০৭০ কোটি রুপি।
উল্লেখ্য, ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমাটিও বিশ্বজুড়ে ১৩০০ কোটি রুপি আয় করে ব্যাপক সাফল্য অর্জন করেছিল।
সব মিলিয়ে, বলিউডে নতুন ইতিহাস গড়ার পথে এগিয়ে যাচ্ছে ‘ধুরন্ধর ২’, যা ২০২৫-২৬ সালের অন্যতম বড় ব্লকবাস্টার হিসেবে ইতোমধ্যেই জায়গা করে নিয়েছে।
মন্তব্য করুন