ঢাকা থেকে চিলমারি যাওয়ার পথে বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
বুধবার দুপুর আড়াইটার দিকে সান্তাহারের তিলকপুর এলাকায় ট্রেনটির অন্তত ৯টি বগি লাইনচ্যুত হয়। এতে পুরো রেল চলাচল ব্যাহত হয়েছে এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সান্তাহার রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক মাহফুজুর রহমান জানান, নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে এসে বেলা ২টার দিকে সান্তাহার স্টেশনে বিরতি করে। স্টেশন ছেড়ে যাওয়ার কিছু সময় পরেই ট্রেনটি লাইনচ্যুত হয়।
তিনি আরও জানান, এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে ট্রেনের ছাদে অনেক যাত্রী থাকায় ছাদ থেকে পড়ে কয়েকজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ঘটনার পরপরই উদ্ধার কাজ শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট বাহিনী। লাইনচ্যুত বগিগুলো সরিয়ে দ্রুত রেল যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে।
এই দুর্ঘটনার কারণে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে, ফলে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হতে সময় লাগতে পারে।
মন্তব্য করুন