প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেছেন, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হলো তরুণ জনগোষ্ঠী। বিশ্বের বহু দেশে এমন বিশাল তরুণ জনসংখ্যা নেই। তাদের দক্ষতা, নৈতিকতা ও চিন্তাশক্তিকে সমন্বিতভাবে কাজে লাগাতে পারলে দেশ অনেক দূর এগিয়ে যাবে। জনসংখ্যাকে সমস্যা হিসেবে না দেখে জনসম্পদে রূপান্তর করতে হবে।
শনিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ের এফডিসিতে আয়োজিত নির্বাচনি বিতর্ক প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ভালো চাওয়া স্বাভাবিক। তবে বাস্তবতা বিবেচনায় যা সম্ভব, সেটি অর্জনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি উল্লেখ করেন, প্রতিষ্ঠান ধ্বংস, দলীয়করণ, আত্মীয়করণ, দুর্নীতি ও অযোগ্য ব্যক্তিদের দায়িত্ব প্রদান—এসব কারণে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অবস্থা অতিক্রম করে সামনে এগিয়ে যাওয়া ছাড়া বিকল্প নেই।
যুব সমাজের হতাশার প্রসঙ্গ তুলে তিনি বলেন, অনেক তরুণের মনে কষ্ট ও আক্ষেপ রয়েছে। তাদের ন্যায্য আকাঙ্ক্ষা পূরণে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। একা কারও পক্ষে সম্ভব নয়—সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
নিজের শ্রমিক আন্দোলনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, দেশ ও আগামী প্রজন্মের সফলতাই সবচেয়ে বড় প্রাপ্তি। এটি একদিনের কাজ নয়, তবে অনিবার্য কাজ।
পানি ব্যবস্থাপনার উদাহরণ দিয়ে তিনি বলেন, কোথাও পানির অভাব, কোথাও অতিরিক্ত পানি। পরিকল্পিত সংরক্ষণ ও সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব। একইভাবে সঠিক পরিকল্পনার মাধ্যমে জনসংখ্যাকেও সম্পদে রূপান্তর করা যায়।
তরুণদের উদ্দেশে তিনি বলেন, শুধু স্বপ্ন দেখলেই হবে না—বাস্তবায়নে এগিয়ে আসতে হবে। বিতর্ক ও আলোচনা সেই পথ দেখাতে পারে।
জাতীয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা পুনরায় চালুর বিষয়ে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একসময় জাতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী গোল্ড কাপ ঘোষণা করেছিলেন। এই টুর্নামেন্ট পুনরায় চালুর প্রস্তাব প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিতে আনার আশ্বাস দেন তিনি। পাঠ্যপুস্তকে সহশিক্ষা কার্যক্রম হিসেবে বিতর্ক অন্তর্ভুক্ত করার পক্ষেও মত দেন তিনি।
মন্তব্য করুন