শিক্ষা মন্ত্রণালয়ে কোনো ধরনের বদলি বাণিজ্য চলবে না বলে স্পষ্ট ঘোষণা দিয়েছেন নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। বৃহস্পতিবার সচিবালয়ে দ্বিতীয় কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী জানান, মন্ত্রণালয়ের কার্যক্রম ধীরে ধীরে অ্যাপভিত্তিক করা হবে, যাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যায়। তিনি বলেন, শিক্ষার্থীদের হাতে সময়মতো মানসম্মত বই পৌঁছে দেওয়া হবে এবং বই বিতরণে কোনো সিন্ডিকেট চলবে না।
নকলবিরোধী অভিযান প্রসঙ্গে তিনি বলেন, এমন একটি পরিবেশ তৈরি করা হবে যাতে আলাদা করে নকলবিরোধী অভিযানের প্রয়োজন না পড়ে। অতীতে দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ ছিল না উল্লেখ করে তিনি বলেন, শিক্ষা খাতে দুর্নীতির কোনো স্থান থাকবে না।
শিক্ষামন্ত্রী আরও বলেন, আগে মব তৈরি করে অটো পাস আদায় কিংবা পরীক্ষা বন্ধ করার ঘটনা ঘটেছে। কিছু শিক্ষক রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে ক্লাস-পরীক্ষা বাদ দিয়েছেন। এসব অনিয়ম আর হতে দেওয়া হবে না। শিক্ষা কারিকুলাম পর্যালোচনা করে আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
এছাড়া দেশের ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারি নিয়মনীতির আওতায় আনার কথা জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, কোনো ইংলিশ মিডিয়াম স্কুল অপরাধ করলে তাদেরও আইনের আওতায় আনা হবে।
মন্তব্য করুন