ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে গতকাল কর্মচাঞ্চল্যে মুখর ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী–র কেন্দ্রীয় কার্যালয়। রাজধানীর মগবাজার এলাকায় অবস্থিত এই কার্যালয়ে নির্বাচনের দিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। তবে নির্বাচন শেষ হওয়ার একদিন না পেরোতেই সেখানে সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখা গেছে।
লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি বাংলা জানিয়েছে, শুক্রবার সকাল নাগাদ জামায়াত কার্যালয়ে নেতাকর্মীদের উপস্থিতি ছিল খুবই সীমিত। সেখানে হাতে গোনা কয়েকজন কর্মী ও সাংবাদিক ছাড়া তেমন কাউকে দেখা যায়নি। নির্বাচনের দিন দলটির পক্ষ থেকে সরকার গঠনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করা হলেও ফলাফল স্পষ্ট হওয়ার পর পরিস্থিতিতে পরিবর্তন এসেছে।
নির্বাচনের বেসরকারি ফলাফল অনুযায়ী নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ফলে সরকার গঠনের পথ সুগম হয়েছে বিএনপির জন্য। অন্যদিকে সরকার গঠন করতে না পারলেও এবার নির্বাচনে অতীতের তুলনায় বেশি আসন পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে জামায়াতের জন্য, যা দলটির জন্য একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে দেখা হচ্ছে।
এদিকে নির্বাচনের ফলাফল নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে শুক্রবার জুমার নামাজের পর বক্তব্য দেওয়ার কথা রয়েছে জামায়াতে ইসলামীর নেতাদের। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই প্রতিক্রিয়ার মাধ্যমে নির্বাচনের ফলাফল ও ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল সম্পর্কে দলটির অবস্থান স্পষ্ট হতে পারে।
মন্তব্য করুন