বিশ্বের ১২৬টি দেশের শহরের মধ্যে ভয়াবহ বায়ুদূষণে শীর্ষ অবস্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সোমবার সকাল ১০টা ২৮ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুগুণমান সূচকে ঢাকার স্কোর দাঁড়িয়েছে ২৮২, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
আইকিউএয়ারের তথ্যে দেখা যায়, ঢাকার পর দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। শহরটির বায়ুগুণমান সূচক ২৫০। তৃতীয় অবস্থানে রয়েছে চীনের চেংডু, যার স্কোর ২৪৩ এবং চতুর্থ অবস্থানে মিশরের রাজধানী কায়রো, স্কোর ২৩৭। এই চারটি শহরের বাতাসই বর্তমানে ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
তালিকার পঞ্চম অবস্থানে উঠে এসেছে ভিয়েতনামের রাজধানী হ্যানয়। শহরটির বায়ুগুণমান সূচক ১৯৯, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুগুণমান সূচক শূন্য থেকে ৫০ হলে বাতাস ভালো হিসেবে ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে বায়ুর মান মাঝারি বা সহনীয়। ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ হলে তা অস্বাস্থ্যকর এবং ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ৩০১-এর বেশি স্কোর হলে বায়ু পরিস্থিতিকে দুর্যোগপূর্ণ বলা হয়।
বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন ধরে চলমান নির্মাণকাজ, যানবাহনের ধোঁয়া, শিল্পকারখানার বর্জ্য এবং শীতকালীন আবহাওয়া ঢাকার বায়ুদূষণের প্রধান কারণ। এ অবস্থায় শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টে ভোগা ব্যক্তিদের সতর্ক থাকার পাশাপাশি অপ্রয়োজনে বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
মন্তব্য করুন