দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও শ্রীলঙ্কা উপকূলে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপের প্রভাবে সাগরে উত্তাল অবস্থা তৈরি হওয়ায় দেশের চার সমুদ্রবন্দর—চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রায় ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত জারি করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সকাল ৬টায় নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ২০৬০ কিলোমিটার, কক্সবাজার থেকে ২০০০ কিলোমিটার, মোংলা থেকে ১৯৭৫ কিলোমিটার এবং পায়রা বন্দর থেকে ১৯৬০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি উত্তর–উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে বলেও জানানো হয়।
নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটার এলাকায় বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। ফলে ওই এলাকায় সাগর খুবই উত্তাল অবস্থায় রয়েছে।
সতর্কতায় বলা হয়েছে, দেশের চার সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত প্রদর্শন করতে হবে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে না যেতে বলা হয়েছে।
মন্তব্য করুন