রাজধানীর মিরপুরের পল্লবীতে যুবদল নেতা ও পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার সন্ধ্যায় পল্লবী সি ব্লক এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে পল্লবী সেকশন-১২-এ অবস্থিত বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারির ভেতরে বসে ছিলেন গোলাম কিবরিয়া। ঠিক সেই মুহূর্তে মোটরসাইকেলে করে আসা তিনজন দুর্বৃত্ত দোকানের ভেতরে ঢুকে, তার মাথা, বুক ও পিঠে পিস্তল ঠেকিয়ে ৭ রাউন্ড গুলি করে দ্রুত পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ৭টি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।
পল্লবী থানার ওসি মফিজুর রহমান বলেন, “কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত চলছে।”
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, “গোলাম কিবরিয়াকে গুলি করার খবর পেয়ে তাকে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি। আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার চাই।”
এদিকে, এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে এবং রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
মন্তব্য করুন