জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দুই আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে আগামী ১৭ নভেম্বর।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল রায়ের দিন ঠিক করেন। ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।
এই মামলার আসামিদের মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পলাতক অবস্থায় রয়েছেন। অন্যদিকে মামলার এক আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।
মামলায় রাষ্ট্রপক্ষের পক্ষে পাঁচদিন, আসামিপক্ষের পক্ষে তিনদিন যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয় গত ২৩ অক্টোবর। সমাপনী বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। প্রসিকিউশন পক্ষ পাঁচটি অভিযোগ তুলে আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন। সাবেক আইজিপি মামুনের শাস্তির বিষয়টি ট্রাইব্যুনালের ওপর ছেড়ে দেওয়া হয়েছে।
মন্তব্য করুন