বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, এই নিম্নচাপটি আগামী ২৭ অক্টোবর সকালে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ‘মন্থা’। এটি থাইল্যান্ডের দেওয়া নাম, যার অর্থ ‘সুগন্ধি ফুল’।
শনিবার সন্ধ্যা ছয়টায় নিম্নচাপটির অবস্থান ছিল চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৩০ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার থেকে ১ হাজার ২৫৫ কিলোমিটার দক্ষিণে, মোংলা থেকে ১ হাজার ৩০৫ কিলোমিটার এবং পায়রা বন্দর থেকে ১ হাজার ২৬৫ কিলোমিটার দক্ষিণে।
আবহাওয়াবিদদের আশঙ্কা, ‘মন্থা’ শক্তিশালী হয়ে ‘সিভিয়ার সাইক্লোন’-এ পরিণত হতে পারে। এর কেন্দ্রে ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ ঘণ্টায় প্রায় ৪০ কিলোমিটার, যা দমকা হাওয়ায় পৌঁছাতে পারে ৫০ কিলোমিটার পর্যন্ত।
পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, ২৭ অক্টোবর সকালে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে ধারণা করা হচ্ছে। এর গতিপথ এখনো নিশ্চিত নয়, তবে ২৮ বা ২৯ অক্টোবরের মধ্যে ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে।
তবে এর প্রভাবে বাংলাদেশেও বৃষ্টিপাত বাড়বে—বিশেষ করে রাজশাহী, ময়মনসিংহ ও রংপুর বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।
অন্যদিকে খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগে বৃষ্টি তুলনামূলক কম থাকবে।
মন্তব্য করুন