গাজীপুরের কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ ডাকাত দলের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার মৌচাক ফকিরবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১১টার দিকে কালিয়াকৈর থানা ও মৌচাক পুলিশ ফাঁড়ির যৌথ দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় হলুদ-সবুজ রঙের একটি মিনি ট্রাকে অবস্থানরত ডাকাত সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। স্থানীয়দের সহায়তায় ধাওয়া দিয়ে তিনজনকে আটক করা হয় এবং বাকি ৩ সদস্য পালিয়ে যায়। এ সময় গণপিটুনিতে আটকৃত তিনজনের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়।
আটককৃতরা হলো, বগুড়া থানার সরলপুর এলাকার নুরুল হকের ছেলে খোকন (৩৩), নীলফামারী জেলার ডোমার থানার মেলাপাঙ্গা এলাকার দুলাল হোসেনের ছেলে রুবেল (২৫) এবং ময়মনসিংহ কোতয়ালী থানার গোপালনগর এলাকার সাইফুল ইসলামের ছেলে সেলিম (৪০)।
আটককৃতরা জানান, পালিয়ে যাওয়া তিন জন হলেন কালু, লালু ও বাবুল।
পুলিশ তাদের কাছ থেকে একটি মিনি ট্রাকসহ দেশীয় অস্ত্র জব্দ করেছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে কাটার, এক্সেল রড, লোহার পাইপ, ছুরি, হাতুরি, স্ক্রু ড্রাইভার, প্লাস, কাঁচি ও প্লাস্টিকের দড়ি।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আ. মান্নান বলেন, “আটক ডাকাতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র রাখার অভিযোগে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে পূর্বেও একাধিক ডাকাতি ও মাদক মামলার রেকর্ড রয়েছে। চিকিৎসা শেষে তাদের আদালতে পাঠানো হবে।”
মন্তব্য করুন