মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ও এনায়েতনগর ইউনিয়নে গ্রাম আদালতের ডকুমেন্টেশন পর্যবেক্ষণ করেছেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও উপ-সচিব মুহাম্মদ হাবিবুল আলম।
বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) তিনি ইউনিয়ন পরিষদ দুটির নথিপত্র পর্যালোচনা করে সন্তোষ প্রকাশ করেন। নথি হালনাগাদ ও সঠিকভাবে সংরক্ষিত পাওয়ায় তিনি ডাসার ও কালকিনি উপজেলা কো-অর্ডিনেটর নাসির উদ্দিন লিটনকে ধন্যবাদ জানান।
পরিদর্শনকালে উপপরিচালক বলেন, গ্রাম আদালতের বিচারযোগ্য মামলাগুলো অবশ্যই আদালতের মাধ্যমে নিষ্পত্তি করতে হবে; কোনোভাবেই সালিশে মীমাংসা করা যাবে না। তিনি জানান, গ্রাম আদালত সর্বোচ্চ তিন লক্ষ টাকা পর্যন্ত দেওয়ানি ও ফৌজদারি বিরোধ নিষ্পত্তির ক্ষমতা রাখে। তাই শুনানির মাধ্যমে মামলার নিষ্পত্তির হার বাড়াতে হবে।
তিনি আরও নির্দেশনা দেন, প্রতিটি ওয়ার্ডের সদস্য ও গ্রাম পুলিশদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। হাটে-বাজারে, স্কুল-কলেজে প্রচারণা চালিয়ে সাধারণ মানুষের কাছে গ্রাম আদালতের গুরুত্ব তুলে ধরতে হবে, যাতে তারা ন্যায়বিচার পেতে সরাসরি গ্রাম আদালতের দ্বারস্থ হয়। পাশাপাশি তিনি নিশ্চিত করতে বলেন, গ্রাম আদালতে এসে কেউ যেন কোনোভাবেই হয়রানির শিকার না হন।
এসময় আলীনগর ও এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের উদ্দেশ্যে তিনি মামলা নিষ্পত্তির হার ও আবেদনের সংখ্যা বৃদ্ধির পরামর্শ দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাসার ও কালকিনি উপজেলা কো-অর্ডিনেটর নাসির উদ্দিন লিটন, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা আব্দুল মান্নান মিয়া, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর, ইউনিয়নের নারী-পুরুষ সদস্য, গ্রাম পুলিশ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মন্তব্য করুন