নারায়ণগঞ্জ আড়াইহাজারে ত্রাসের রাজত্ব কায়েম করা অভিযুক্ত ‘শুটার মাসুদ’-কে বিদেশি পিস্তল, গুলি ও মাদকসহ থেকে আটক করেছে র্যাব-১১র একটি অভিযানিক দল।
রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার জামপুর ইউনিয়নের পেরাব এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ছয় রাউন্ড গুলি, দুই বোতল হুইস্কি ও ৫৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গত ২৭ জুলাই, ২০২৪ তারিখে সোনারগাঁও থানাধীন নোয়াদ্দা বাবুবাজার এলাকায় কাপড় ব্যবসায়ী রাকিবকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যার ঘটনায় একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। র্যাবের দাবি, সেই ভিডিও ফুটেজে দেখা যায়, অভিযুক্ত মাসুদ নিজের কোমর থেকে পিস্তল বের করে রাকিবকে পরপর দুটি গুলি করে এবং বীরদর্পে ঘটনাস্থল ত্যাগ করে।
র্যাবের ভাষ্যমতে, এই অভিযুক্ত ‘শুটার মাসুদ’ তার দলবল নিয়ে আড়াইহাজার ও সোনারগাঁয়ের বিভিন্ন এলাকায় অস্ত্রের শোডাউন দিয়ে মানুষের মধ্যে আতঙ্ক ছড়াতো। তারা ছিনতাই, চাঁদাবাজি, লুটপাট, ডাকাতি এবং মাদক ব্যবসা করে আসছিল।
র্যাব আরোও জানান, অভিযুক্ত শুটার মাসুদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় ১ টি হত্যা, ৩ টি হত্যা চেষ্টা, ১টি নাশকতা, ১ টি ডাকাতি এবং ১টি মাদক মামলাসহ মোট ৭টি মামলা রয়েছে। একই গ্রুপের আরেক অভিযুক্ত ‘শুটার রিয়াজ’কেও গত ৩ সেপ্টেম্বর সিলেট থেকে আটক করা হয়েছিল।
এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান।
মন্তব্য করুন