
গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের প্রধানের বাজার এলাকায় শালার লাঠির আঘাতে এক দুলাভাই নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে।
এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানান , নিহত মোজাহার আলী বেপারী ওরফে খাজা বেপারী এর সাথে তার শালা লুৎফর রহমান ও নবীর হোসেনের দীর্ঘদিন ধরে ২৪ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছিল। নিহত মোজাহার আলী বেপারী ২৪ শতাংশ জমির বিক্রয় মূল্য পরিষদ করলেও তার শালারা জমিটি দলিল করে দিতে তালবাহানা করে আসছিলো। সম্প্রতি নিহতের শালারা ঢাকার কর্মস্থল থেকে এলাকায় আসে। এ সময় খাজা বেপারি সেই জমি দলিল করে দেয়ার কথা বললে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে শালা লুৎফর রহমান ও নবীর হোসেন লাঠি দিয়ে দুলাভাই মোজাহার আলীকে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
গুরুতর আহত খাজাকে উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর থেকে লুৎফর রহমান ও নবীর হোসেন পলাতক রয়েছে।
এ ব্যাপারে সদর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই)আব্দুল আলীম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।ময়নাতদন্ত শেষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিহত মোজাহার আলী বেপারী সদর উপজেলার গিদার ইউনিয়নের প্রধানের বাজারে এলাকার বেপারী পাড়া গ্রামের মৃত এসহাক আলীর ছেলে।
মন্তব্য করুন