ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আগে ৫ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত পরীক্ষা স্থগিত করার দাবি জানিয়েছে ‘প্রতিরোধ পর্ষদ’। রোববার মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে প্রার্থীরা জানান, নির্বাচনের প্রস্তুতি এবং শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রশাসনকে কিছু পদক্ষেপ নেওয়া উচিত।
প্রার্থীরা উল্লেখ করেন, যারা অতীতে শিক্ষার্থী নিপীড়ন বা অন্য অপরাধে সম্পৃক্ত তাদের প্রার্থিতা বাতিল করতে হবে। ভোটকেন্দ্রের সংখ্যা বাড়ানো, প্রার্থীদের নামের পাশে ছবি সংযুক্ত করা এবং ভোটদান প্রক্রিয়া সহজ করা জরুরি। পাশাপাশি নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়নেরও দাবি জানিয়েছেন তারা।
প্রার্থীরা বলেন, নির্বাচনের সময় পরীক্ষা থাকলে শিক্ষার্থীদের নির্বাচনী কর্মকাণ্ড ব্যাহত হবে। তাই নির্ধারিত সময়ে পরীক্ষা স্থগিত রাখা প্রয়োজন। সংবাদ সম্মেলনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোজাম্মেল হক, ভিপি পদপ্রার্থী শেখ তাসনিম আফরোজ এবং এজিএস পদপ্রার্থী জাবির আহমেদ জুবেল উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলন শেষে স্মারকলিপি নির্বাচনী কমিশনে জমা দেওয়ার বিষয়টিও নিশ্চিত করা হয়েছে।
মন্তব্য করুন