
নির্বাচনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতির বিরোধিতা করছে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বাংলাদেশের আর্থসামাজিক, ভৌগোলিক ও রাজনৈতিক বাস্তবতায় পিআর পদ্ধতি কার্যকর নয়। তাঁর মতে, জনগণ যেন স্পষ্টভাবে জানতে পারে কাকে ভোট দিয়ে সংসদে পাঠাচ্ছে, সেই অধিকার নিশ্চিত করতেই সরাসরি প্রার্থী নির্বাচনের পদ্ধতিই সঠিক।
অন্যদিকে, জুলাই সনদ সংবিধানের ওপরে রাখার প্রস্তাবে আপত্তি জানালেও আলোচনার মাধ্যমে সমাধানের প্রত্যাশা করেছে বিএনপি। জাতীয় ঐকমত্য কমিশনে জমা দেওয়া লিখিত মতামতে দলটি জানিয়েছে, সংবিধানের বাইরে গিয়ে কোনো সনদ গ্রহণযোগ্য নয়। স্থায়ী কমিটির বৈঠকেও এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সেখানে তিন সদস্যের একটি কমিটি গঠন করে অঙ্গীকারনামার বিতর্কিত অংশগুলো চিহ্নিত করা হয়।
স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, জুলাই সনদের ভূমিকা ও অধিকাংশ প্রস্তাব গ্রহণযোগ্য হলেও অঙ্গীকারনামার কয়েকটি দফা অসামঞ্জস্যপূর্ণ। বিশেষ করে সংবিধানের ওপরে সনদকে প্রাধান্য দেওয়ার বিষয়টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মনে করছে দলটি।
বিএনপি মনে করছে, পিআর পদ্ধতি দেশের সাধারণ ভোটারদের জন্য জটিল এবং ভোটাধিকার খর্ব করার ষড়যন্ত্র। তবে জুলাই সনদের বিষয়ে আলোচনার মাধ্যমে একটি আইনি ও সাংবিধানিক সমাধান আসবে বলেই আশাবাদী দলটির শীর্ষ নেতারা। এ জন্য শিগগিরই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বসবে বিএনপির নীতিনির্ধারকরা।
মন্তব্য করুন