
আজ বুধবার, ২০ আগস্ট পবিত্র আখেরি চাহার শোম্বা। হিজরি সনের সফর মাসের শেষ বুধবার মুসলিম বিশ্বে স্মরণ করা হয় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রোগমুক্তির দিন হিসেবে।
‘আখেরি চাহার শোম্বা’ শব্দটি ফারসি থেকে এসেছে, যার অর্থ শেষ বুধবার। ইতিহাসে বর্ণিত আছে, নবুয়তের ২৩তম বছর তথা ১১ হিজরির সফর মাসে দীর্ঘ অসুস্থতার পর ঠিক এই দিনে নবীজী (সা.) কিছুটা সুস্থতা লাভ করেছিলেন। তিনি শেষবারের মতো গোসল করে মসজিদে গিয়ে নামাজ আদায় করেন এবং ইমামতিও করেন।
তার সুস্থতার খবর শুনে সাহাবিরা খুশি হয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তারা দান-সদকা করেন, পশু কোরবানি দেন এবং দাস মুক্ত করেন। মুসলমানরা সেই আদর্শ অনুসরণে প্রতিবছর এ দিনে দোয়া, ইবাদত-বন্দেগি ও সদকার মাধ্যমে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
যদিও ইসলামী শরিয়তে এ দিনকে কেন্দ্র করে কোনো বিশেষ ইবাদতের বিধান নেই, তবে দিনটির ঐতিহাসিক তাৎপর্য স্মরণে বহু মানুষ নেক আমলে অংশ নেন।
এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিশেষ কর্মসূচির আয়োজন করেছে। দিনব্যাপী দোয়া-মাহফিল, কোরআন খতম ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হচ্ছে। বিশ্বের বিভিন্ন মুসলিম দেশেও দিনটি দোয়া ও ইবাদতের মাধ্যমে স্মরণ করা হচ্ছে।
মন্তব্য করুন