
এখন থেকে পাসপোর্ট পেতে আর পুলিশের ভেরিফিকেশন লাগবে না বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং। এর ফলে নাগরিকরা দ্রুত এবং ঘুষ ছাড়াই পাসপোর্ট পাবে।
রবিবার রাতে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়, দীর্ঘদিন ধরে পাসপোর্ট পেতে দেরি ও ঘুষ–বিশেষ করে পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ ছিল। পরিসংখ্যানে দেখা গেছে, ঘুষের অভিযোগের ৭৫ শতাংশের বেশি এসেছে ভেরিফিকেশন প্রক্রিয়া থেকে।
এবার সেই ধাপ বাদ দেওয়ায় পাসপোর্ট ইস্যুর গতি বাড়বে। উপকৃত হবেন প্রবাসী, শিক্ষার্থী ও পেশাজীবীরা। একইসঙ্গে অপ্রয়োজনীয় দেরি ও দুর্নীতি বন্ধ হবে।
প্রেস উইংয়ের বিবৃতিতে বলা হয়েছে, মানুষ এখন দ্রুত এবং ঘুষ না দিয়েই পাসপোর্ট পাবে। এর ফলে কাজ, পড়াশোনা, পরিবার বা ভ্রমণের জন্য নাগরিকদের বিদেশযাত্রা সহজ হবে এবং রাষ্ট্রের প্রতি মানুষের আস্থা বাড়বে।
মন্তব্য করুন