
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ১৩ আগস্টের দিকে বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিম অংশ ও তৎসংলগ্ন এলাকায় আবারও একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এই তথ্য দেওয়া হয়েছে শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে।
এদিকে, আগামী পাঁচ দিন দেশজুড়ে টানা বৃষ্টি অব্যাহত থাকবে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারি বর্ষণসহ বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
রোববার থেকে শুরু করে সপ্তাহের মধ্যে প্রতিদিন এসব অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকবে। বিশেষ করে মঙ্গলবার ও বুধবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য পরিবর্তিত হতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ৫৮ মিলিমিটার, সর্বোচ্চ তাপমাত্রা ছিল নীলফামারীর সৈয়দপুরে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২.৮ ডিগ্রি সেলসিয়াস বান্দরবান অঞ্চলে।
মন্তব্য করুন