
সরকার পতনের লক্ষ্যে গোপনে গেরিলা প্রশিক্ষণ ও বৈঠকে সম্পৃক্ততার অভিযোগে সেনাবাহিনীর মেজর সাদিকুল হকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৬ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, রাজধানীর ভাটারা এলাকার একটি কনভেনশন সেন্টারে গোপন বৈঠকে অংশ নেওয়ার অভিযোগে সুমাইয়াকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি গোয়েন্দা হেফাজতে রয়েছেন।
৮ জুলাই ওই কনভেনশন সেন্টারে আয়োজিত বৈঠকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের প্রায় ৪০০ কর্মীকে গেরিলা প্রশিক্ষণ দেওয়া হয়। সারা দিনের এই কর্মসূচির মাধ্যমে একটি সংঘবদ্ধ পরিকল্পনা ছিল সরকারের বিরুদ্ধে নৈরাজ্য সৃষ্টির।
তিন সপ্তাহ পর বিষয়টি প্রকাশ্যে এলে দেশজুড়ে শুরু হয় ব্যাপক আলোচনা ও ক্ষোভ। এরপর এই ঘটনার সঙ্গে জড়িত গোপালগঞ্জের আওয়ামী লীগ নেত্রী শামীমা নাসরিন শম্পা, বরগুনার যুবলীগ নেতা সোহেল রানা ও মেহেরপুরের যুবলীগ আহ্বায়ক মাহফুজুর রহমান রিটনকে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে উঠে আসে, পুরো পরিকল্পনার নেপথ্য নির্দেশনা দিচ্ছিলেন সেনাবাহিনীর মেজর সাদিকুল হক, যার স্ত্রী সুমাইয়া জাফরিনও সক্রিয়ভাবে জড়িত ছিলেন।
প্রাথমিকভাবে সুমাইয়াকে পুলিশের এএসপি হিসেবে দাবি করা হলেও, পরে পুলিশ সদর দপ্তর জানায়—সুমাইয়ার নামে কোনো কর্মকর্তা পুলিশে নেই।
এদিকে আইএসপিআর জানিয়েছে, মেজর সাদিকুল হককে হেফাজতে নিয়ে তদন্ত শুরু হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
মন্তব্য করুন