জুলিয়া জাহান
৩ আগস্ট ২০২৫, ১২:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কুমিল্লায় মামলা-বাণিজ্যের অভিযোগ সমন্বয়কের’ বিরুদ্ধে

মামলা-বাণিজ্যের অভিযোগ সমন্বয়কের’ বিরুদ্ধে

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের পক্ষে ছিলেন কুমিল্লার দক্ষিণ চর্থা গ্রামের আল আমিন। কিন্তু আন্দোলনের ঘটনায় হওয়া একটি মামলায় ৯ মাস ধরে কারাগারে তিনি। এ কারণে পরিবার নিয়ে বিপাকে পড়তে হয়েছে স্ত্রী সীমা আক্তারকে। তিনি অভিযোগ করেন, মামলাটির বাদী আরাফ ভূঁইয়ার কাছে গিয়েও বিষয়টি জানিয়েছেন। কিন্তু লাভ হয়নি। উল্টো আরাফ তিন লাখ টাকা দাবি করেন। ওই টাকা দিতে না পারায় জামিন হচ্ছে না আল আমিনের।
আরাফ ভূঁইয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্র। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সাবেক সমন্বয়ক। গত ২২ নভেম্বর কুমিল্লা জেলায় ২৯৫ সদস্যের যে আহ্বায়ক কমিটি গঠিত হয়, এতে আরাফ ভূঁইয়া মুখ্য সংগঠকের দায়িত্ব পান। তিনি আন্দোলন চলাকালে ৪ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ এনে ১০ অক্টোবর কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। এতে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. তাহসীন বাহার সূচনা; আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ মোট ১৭৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ২০০-৩৫০ জনকে আসামি করা হয়।

অভিযোগ উঠেছে, এই মামলায় ছাত্র আন্দোলনের পক্ষে থাকা বহু সাধারণ মানুষকে আসামি করে হয়রানি করা হচ্ছে। আরাফ ভূঁইয়ার বিরুদ্ধে চাঁদা দাবিরও তথ্য পাওয়া যায়। তিনি এভাবে টাকা নিয়ে কুমিল্লা শহরের ঝাউতলায় দুটি ফ্ল্যাট কিনেছেন বলেও গুঞ্জন রয়েছে।

মামলার এজাহারে ঘটনাস্থল হিসেবে টমছমব্রিজ ও সালাহউদ্দিন মোড়ের উল্লেখ রয়েছে। তবে স্থানীয়রা জানিয়েছেন, ৪ আগস্ট ওই দুই এলাকায় আন্দোলন হয়নি। সেদিনের আন্দোলনে অংশ নেওয়া কয়েকজনের ভাষ্য, শুরুতে তাদের জমায়েতের জন্য কোটবাড়ি বিশ্বরোডকে নির্ধারণ করা হয়। কিন্তু সেখানে ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নেওয়ায় তারা আলেখারচর বিশ্বরোডে সমবেত হয়েছিলেন। এজাহারে ৪ আগস্টকে এক জায়গায় শনিবার, আরেক জায়গায় শুক্রবার হিসেবে উল্লেখ করা হয়েছে। যদিও ২০২৪ সালের ৪ আগস্ট ছিল রোববার।
মামলাটিতে সাক্ষী হিসেবে যে ১৩ জনের নাম উল্লেখ করা হয়, তাদের প্রথম নামটি কুবির সিএসই বিভাগের শিক্ষার্থী মো. ইকবালের। তিনি বলেন, ‘৪ তারিখ টমছমব্রিজে আন্দোলন হয়নি। আমরা কোটবাড়ি বিশ্বরোডে যাওয়ার সময় ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলার শিকার হই। মামলায় কী উল্লেখ ছিল, আমি জানি না। ভুক্তভোগী হিসেবে সাক্ষী দিয়েছি। গতকাল (শুক্রবার) ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলন করার পরে আমি বাদীকে অবহিত করে বলেছি, এটার দায় আমরা নেব না।’

শুক্রবার ভুক্তভোগী পরিবারের সদস্যরা কুমিল্লা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন। এতে তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের কিছু নেতার প্ররোচনায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময়কার মামলায় অসহায় মানুষকে আসামি করা হয়েছে। তাদের কাছে লাখ লাখ টাকা চাঁদা দাবি করছেন আরাফ ভূঁইয়া।

এ মামলার ৬ নম্বর সাক্ষী কুবির পরিসংখ্যান বিভাগের ছাত্র ইমতেহাদ উল হক। তিনি বলেন, ‘আমাকে ছাত্রলীগের নেতাকর্মীরা মারধর করেছে রেসকোর্সে। টমছমব্রিজে কী হয়েছিল জানি না। সাক্ষী হিসেবে কীভাবে আমার নাম আসলো সেটাও জানি না। আমি সই করিনি।’

মামলায় ৮৮ নম্বর আসামি করা হয়েছে জগন্নাথপুরের রিয়াজ খানকে। তাঁর ভাষ্য, ‘আমরা ছাত্র আন্দোলনে উৎসাহ দিয়েছি। টাকাপয়সা দিয়ে সহযোগিতা করেছি। আমাদের এলাকার আওয়ামী লীগের দোসররা আরাফকে টাকা দিয়ে আমাদের নামে মিথ্যা মামলা করিয়েছে।’ এ মামলায় রিয়াজ খান গত ২৪ অক্টোবর গ্রেপ্তার হন। পরিবারের সদস্যরা আরাফ ভূঁইয়ার সঙ্গে যোগাযোগ করলে তিনি দুই লাখ টাকা দাবি করেন। ওই টাকা না দেওয়ায় রিয়াজকে তিন মাস চার দিন জেল খাটতে হয়। তিনি বলেন, ‘যারা এভাবে জুলাই বিক্রি করে খাচ্ছে, আমি তাদের বিচার চাই।’

মামলার ৩ নম্বর আসামি দক্ষিণ চর্থার ভেন্ডারবাড়ির আল আমিন। তাঁর স্ত্রী সীমা আক্তার শুক্রবারের মানববন্ধনে অভিযোগ করেন, ‘আমার স্বামী ৯ মাস ধরে মিথ্যা মামলায় কারাগারে সাজা পাচ্ছে। সে ছাত্র আন্দোলনের বিপক্ষে ছিল না। আমি আরাফের কাছে গিয়েছি। যাওয়ার পর উনি বলেন, তিন লাখ টাকা দিলে ব্যাপারটা দেখবে। এখনও স্বামীর জামিন হচ্ছে না।’
কোতোয়ালি থানাধীন জগন্নাথপুরের আরেক বাসিন্দা শাহীন মিয়াকে করা হয়েছে ৯১ নম্বর আসামি। ফেরারি হয়ে ৯ মাস ধরে ঘুরে বেড়াতে হচ্ছে এই মাছ ব্যবসায়ীকে। তিনি বলেন, ‘আমি রাজনীতিতে জড়িত না। আমার ছেলে কুমিল্লা মডার্ন স্কুলের এসএসসি পরীক্ষার্থী। সব সময় তাকে আন্দোলনে যেতে উৎসাহ দিয়েছি, জুলাই আন্দোলনের পক্ষে ছিলাম। কিন্তু অভ্যুত্থানের পর আরাফ ভূঁইয়া বাদী হয়ে আওয়ামী লীগের দোসরদের থেকে টাকা খেয়ে মিথ্যা মামলা করেন। আমি আসামি হওয়ায় বাড়িতে ফিরতে পারছি না।’

এ বিষয়ে আরাফ ভূঁইয়া বলেন, ‘মামলাটা ৪ আগস্টের হামলাকে কেন্দ্র করেই করেছি। ছবি ও ভিডিও ফুটেজ চেক করেই আসামিদের নাম দিয়েছি। মামলা করার আগে-পরে সাক্ষীদের সঙ্গে কথা হয়েছে। যারা মানববন্ধন করেছেন, তাদের চিনি না। তাদের অভিযোগের পক্ষে একটা প্রমাণও দেখাতে পারলে আইনি সিদ্ধান্ত মেনে নেব।’ ৪ আগস্ট টমছমব্রিজ ও সালাহউদ্দিন মোড়ে জমায়েত ছিল না, কিন্তু এজাহারে সেখানকার ঘটনা উল্লেখের বিষয়ে তিনি দাবি করেন, দুই জায়গায়ই সেদিন আন্দোলন হয়েছে।

এদিকে অভিযোগ উঠেছে, আরাফকে দিয়ে এসব করাচ্ছেন এনসিপির কুমিল্লা জেলা যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ সাকিব হোসাইন। কিন্তু শনিবার রাতে তিনি সমকালকে বলেন, ‘এটা মিথ্যা অভিযোগ। হয়রানির উদ্দেশ্যে কেউ এটা করছে।’

কোতোয়ালি মডেল থানার ওসি মইনুল ইসলাম বলেন, শুক্রবার কারা মানববন্ধন করেছেন, তা জানেন না। কেউ লিখিত দিলে তদন্তের পর ব্যবস্থা নেবেন। ওই মামলাটির এখনও তদন্ত চলছে বলে জানান তিনি। এরই মধ্যে কেন আসামিদের কারাগারে পাঠানো হয়েছে, এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমরা বিষয়টা খতিয়ে দেখব।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০