
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর বিএনপির সহসভাপতি ও জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্করকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
গতকাল সোমবার রাত ৯টার দিকে ছেংগারচর বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিএনপির এক কর্মী কর্তৃক দায়ের করা মারামারি ও চাঁদাবাজির মামলায় এ গ্রেপ্তার দেখানো হয়েছে।
পুলিশ জানায়, কয়েক দিন আগে ঠাকুরচর এলাকায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সেই ঘটনার জেরে স্থানীয় কর্মী আহম্মদ উল্লাহ সোমবার সন্ধ্যায় মতলব উত্তর থানায় মামলা দায়ের করেন। মামলার পরপরই ডিবি পুলিশ অভিযান চালিয়ে মান্নান লস্করকে আটক করে।
গ্রেপ্তারের পর রাত ১০টার দিকে ছেংগারচর বাজারে বিক্ষোভ মিছিল করে উপজেলা ও পৌর বিএনপির নেতা-কর্মীরা। তারা দ্রুত মান্নান লস্করের মুক্তির দাবি জানান।
আটক মান্নান লস্কর স্থানীয় বণিক সমিতির সভাপতির দায়িত্বেও রয়েছেন। বর্তমানে তিনি চাঁদপুর জেলা ডিবি কার্যালয়ে রয়েছেন। তাঁকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন