
দেশে ডেঙ্গু পরিস্থিতি ফের উদ্বেগজনক হয়ে উঠছে। এডিস মশাবাহিত এই রোগে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩১ জন।
শনিবার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি বরিশাল বিভাগে—১৩২ জন।
এরপর ঢাকা বিভাগের বাইরের জেলায় ৭৩ জন, ঢাকা দক্ষিণে ৪৭, উত্তর সিটিতে ২৮, চট্টগ্রামে ৩০, খুলনায় ১৮ এবং ময়মনসিংহে ৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ২৭৫ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ১২০ জন। এর মধ্যে মারা গেছেন ৭৩ জন। আক্রান্তদের ৫৮ দশমিক ৬ শতাংশ পুরুষ এবং ৪১ দশমিক ৪ শতাংশ নারী।
বিশেষজ্ঞরা বলছেন, বর্ষাকাল ও জলাবদ্ধতার কারণে মশা বাড়ছে, বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি। তাই পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি দ্রুত রোগ নির্ণয় ও চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
মন্তব্য করুন