
“দিনের ভোট রাতে নয়, তাহাজ্জুদের সময়ও নয়”—এভাবেই বক্তব্যের শুরুতেই ভোটাধিকার নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন এমপি পুত্র ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা।
শুক্রবার (২৫ জুলাই) নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়ন পরিষদ মাঠে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আবুল কাউসার আশা অভিযোগ করে বলেন, “অনেকে তিনবার ভোট দিতে পারেননি। দিনের ভোট রাত ৩টায় হয়েছে। আর সেই ভোটে যিনি বারবার চেয়ারম্যান হয়েছেন, তিনি এখন নিজেকে জামায়াত মনে করছেন। এমপি সাহেব তাকে রাজাকারের ছেলে বলার পরই তিনি জামায়াতের মতো আচরণ শুরু করেছেন।”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “৫ আগস্টের পর মুছাপুরের ৩২টি বাড়িতে আগুন দেওয়া হয়েছিল। এত সাহস কোথা থেকে আসে? এটা তো বিএনপি করেনি, এমনকি জামায়াতও করেনি। আজ থেকে মুছাপুরবাসী স্বাধীন—জিম্মি করার দিন শেষ হয়ে গেছে।”
অনুষ্ঠানে আরও বলেন, “বিএনপি আজ মাঠে আছে। নতুন সদস্য সংগ্রহ চলছে। তাই আওয়ামী লীগ ঘরানার দোসররা যেন কোনোভাবে এই সদস্যপদ নিতে না পারে। নেতা-কর্মীদের শক্ত উপস্থিতি দেখে আবেগে আপ্লুত হয়েছি।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুছাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাজী মো. নূর হোসেন।
বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আওলাদ হোসেন, মো. ইয়ানবী মেম্বার, মোসলেহ উদ্দিন, কৃষকদলের সাবেক সভাপতি নুরল আলীম মোল্লা, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাজির মুহম্মদ, স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি মনির হোসেন প্রমুখ।
সবশেষে বিএনপি নেতা-কর্মীদের মাঝে সদস্য নবায়ন ফরম বিতরণ করা হয়।
মন্তব্য করুন