
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশনাল বা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিকে প্রতিবন্ধকতা হিসেবে দেখছেন বিএনপির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম।
সম্প্রতি একটি টেলিভিশন টকশোতে তিনি বলেন, বাংলাদেশের মতো দেশে যেখানে গণতন্ত্র এখনো প্রাতিষ্ঠানিক রূপ পায়নি, সেখানে পিআর পদ্ধতির মতো বিষয় নির্বাচনকে জটিল করে তুলবে।
নাসির উদ্দিন বলেন, ভোটাররা কোনো প্রতিবন্ধকতা তৈরি করছেন না, বরং পিআর পদ্ধতির মতো অসাংবিধানিক ধারণা নির্বাচনকে বাধাগ্রস্ত করছে।
তিনি আরও অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের ছাত্র উপদেষ্টারা নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হচ্ছেন। কারো রাজনৈতিক দল গঠন, আবার কারো নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি স্পষ্ট করে দেয় যে তারা নির্দলীয় নন। এদের নির্বাচনের আগেই পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেন তিনি।
নির্বাচনে সহিংসতা ও ভোটারদের নিরাপত্তার দিকটিও গুরুত্বের সঙ্গে তুলে ধরে তিনি বলেন, ভারতের মতো বৃহৎ গণতান্ত্রিক দেশে সহিংসতার ঘটনা ঘটে, বাংলাদেশেও ভোটারদের যেন ভয়ভীতি না দেখানো হয়, সেটাই বড় চ্যালেঞ্জ।
পুলিশ-প্রশাসনের রদবদলকে তিনি খুব দেরিতে নেওয়া সিদ্ধান্ত বলে আখ্যায়িত করেন। তাঁর মতে, সংস্কার ও বিচার প্রক্রিয়া আগে শুরু হলে এখন এমন অচলাবস্থা তৈরি হতো না। নির্বাচনের আগে এ বিষয়গুলো ইচ্ছাকৃতভাবে টেনে সময়ক্ষেপণ করা হচ্ছে বলেও অভিযোগ করেন নাসির উদ্দিন।
মন্তব্য করুন