
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েলকে অবিলম্বে পদত্যাগ করতে বলেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার (৩ জুলাই) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লেখেন— “বেশ দেরি হয়ে গেছে—তার এখনই পদত্যাগ করা উচিত!!!”
সঙ্গে যুক্ত করেন একটি সংবাদ প্রতিবেদন, যাতে বলা হয়েছে— ফেডের সদরদপ্তরের সংস্কার কাজ নিয়ে ভুল তথ্য দিয়েছেন পাওয়েল। এই অভিযোগে তদন্ত হওয়া উচিত বলছে যুক্তরাষ্ট্রের একটি আবাসন নিয়ন্ত্রক সংস্থা।
ট্রাম্প নিজেই ২০১৮ সালে জেরোম পাওয়েলকে নিয়োগ দেন। তবে পরবর্তীতে সুদের হার না কমানোয় তাকে বারবার সমালোচনা করেন। ট্রাম্পের দাবি, ফেড যদি সুদের হার কমায়, তাহলে অর্থনীতি আরও চাঙ্গা হবে।
তবে জেরোম পাওয়েল পরিষ্কার জানিয়েছেন— প্রেসিডেন্ট যদি পদত্যাগ করতে বলেন, তবুও তিনি পদ ছাড়বেন না। কারণ যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী ফেডের মতো স্বাধীন সংস্থার বোর্ড সদস্যদের শুধু গুরুতর কারণে মেয়াদ শেষ হওয়ার আগেই সরানো যায়।
১৯৩৫ সালের সুপ্রিম কোর্টের এক রায়ে বিষয়টি স্পষ্টভাবে বলা হয়েছে। যদিও ট্রাম্প অতীতে বিভিন্ন স্বাধীন সংস্থার প্রধানদের সরিয়ে বিতর্কে জড়িয়েছেন।
এই বিতর্কের পেছনে আছে আরও এক পক্ষ— ফেডারেল হাউজিং ফাইন্যান্স এজেন্সির প্রধান বিল পল্টে। তিনি এক্স-এ (সাবেক টুইটার) লেখেন, “কংগ্রেসের উচিত পাওয়েলের পক্ষপাত এবং ভুলভিত্তিক তথ্য নিয়ে তদন্ত করা।”
গত সপ্তাহে সেনেটকে দেওয়া জবাবে জেরোম পাওয়েল বলেন, ফেড সদরদপ্তরের খরচ এবং বিলাসবহুল সংস্কার নিয়ে যেসব রিপোর্ট বেরিয়েছে, তা বিভ্রান্তিকর এবং ভুল।
বিশ্লেষকদের মতে, প্রেসিডেন্ট হিসেবে আবার ট্রাম্প আসলে ফেডের স্বাধীনতা নিয়ে নতুন করে টানাপড়েন তৈরি হতে পারে।
মন্তব্য করুন