
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চাকরি অত্যাবশ্যকীয় সেবা হিসেবে ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। রোববার (২৯ জুন) দেওয়া এক বিবৃতিতে সরকার হুঁশিয়ারি দিয়ে জানায়, কর্মস্থলে না ফিরলে কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিবৃতিতে বলা হয়, দেশের বাজেট বাস্তবায়নে দুর্বল রাজস্ব ব্যবস্থাই সবচেয়ে বড় সীমাবদ্ধতা। এনবিআরের অনিয়ম, দুর্নীতি ও অকার্যকরতা রাজস্ব ঘাটতির মূল কারণ।
গত দুই মাস ধরে এনবিআরের কিছু কর্মকর্তা-কর্মচারী আন্দোলনের নামে আমদানি-রপ্তানি, ব্যবসা-বাণিজ্য ও রাজস্ব আদায় কার্যক্রম বাধাগ্রস্ত করে চলেছে বলে অভিযোগ করে সরকার। একে ‘পরিকল্পিত ও জাতীয় স্বার্থবিরোধী’ বলে অভিহিত করেছে অন্তর্বর্তী সরকার।
বিবৃতিতে আরও বলা হয়, আলোচনার আহ্বান উপেক্ষা করে তারা অনড় অবস্থান নিচ্ছে, যা অর্থনীতিকে মারাত্মক ক্ষতিগ্রস্ত করছে।
এই পরিস্থিতিতে কাস্টমস হাউস, বন্ড কমিশনারেট, আইসিডি ও শুল্ক স্টেশনের সব কর্মকর্তা-কর্মচারীর চাকরি অত্যাবশ্যকীয় হিসেবে ঘোষণা করা হয়েছে। সরকার আশা প্রকাশ করেছে, সংশ্লিষ্টরা দ্রুত কর্মস্থলে ফিরে যাবেন—নইলে জনগণ ও অর্থনীতির স্বার্থে সরকার কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে।
মন্তব্য করুন