
পাবনা মানসিক হাসপাতালকে দালালমুক্ত করতে অভিযান চালিয়ে ৯ দালালকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
রবিবার সকাল ১০টার দিকে হাসপাতালের বহির্বিভাগে এ অভিযান চালায় জেলা প্রশাসন ও এনএসআইয়ের সমন্বয়ে গঠিত টিম।
আটককৃতরা দীর্ঘদিন ধরে হাসপাতালে আসা রোগীদের বিভিন্নভাবে হয়রানি করে আসছিল বলে জানিয়েছে পুলিশ ও এনএসআই।
এনএসআই জানায়, মানসিক হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা দালালদের হাতে জিম্মি হয়ে পড়ছিলেন। তারা চিকিৎসাসেবা, ওষুধ, এমনকি ভর্তি ও ছাড়পত্রের বিষয়েও রোগী ও স্বজনদের কাছ থেকে টাকা আদায় করছিল।
অভিযানে হাতেনাতে আটক করা হয় ৯ জন দালালকে। পরে পাবনা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রত্যেককে এক মাসের কারাদণ্ড দেন।
হেমায়েতপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দালালদের আটক করা হয়।
তিনি আরও বলেন, ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে দণ্ডপ্রাপ্তদের পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে জেলহাজতে পাঠানো হয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, হাসপাতাল এলাকাকে দালালমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন