
ইংল্যান্ডের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে গড়া হলো এক অভিনব বিশ্ব রেকর্ড। দাতব্য সংস্থা ‘চান্স টু শাইন’ এক দিনে ৯৪৩ শিশুকে ক্রিকেট শিখিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছে।
মঙ্গলবার অনুষ্ঠিত এই আয়োজনে অংশ নেয় দেশটির ৩৫টি স্কুলের শিক্ষার্থীরা। দিনব্যাপী এই আয়োজনের মাধ্যমে শিশুদের দেওয়া হয় ক্রিকেটের প্রাথমিক প্রশিক্ষণ।
এর আগে এই রেকর্ড ছিল ২০২২ সালের বার্মিংহামের, যেখানে ৬৪৫ শিশুকে ক্রিকেট শেখানো হয়েছিল। এবার সেই সংখ্যা ছাড়িয়ে গেছে আরও ২৯৮ জনে।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ লর্ডসে উপস্থিত থেকে পুরো কার্যক্রম পর্যালোচনা করে রেকর্ডের স্বীকৃতি দেয় এবং চান্স টু শাইন-কে সনদপত্র তুলে দেয়।
এ আয়োজনে উপস্থিত ছিলেন বিবিসির গ্ল্যাডিয়েটর্স খ্যাত তারকা ফিউরি। তিনি বলেন, “সব ধরনের শিশুই আজ এখানে এসেছে—অনেকেই লাজুক। কিন্তু এটি তাদের আত্মবিশ্বাস ও বন্ধুত্ব গড়ার চমৎকার সুযোগ।”
চান্স টু শাইন বলছে, তাদের লক্ষ্যই হলো শিশুদের মধ্যে ক্রীড়ার প্রতি আগ্রহ তৈরি করা এবং সামাজিকভাবে যুক্ত করা।
বিশেষজ্ঞরা বলছেন, এমন উদ্যোগ শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে বড় ভূমিকা রাখতে পারে।
মন্তব্য করুন