
এক ম্যাচে তিন-তিনবার সুপার ওভার! আন্তর্জাতিক ক্রিকেটে এমন অবিশ্বাস্য ঘটনাই ঘটেছে গতকাল। সেয়ানে সেয়ানে লড়াই করেও যেখানে পেরে উঠেনি নেপাল, রুদ্ধশ্বাস ম্যাচে শেষ হাসি হেসেছে ডাচরা।
গ্লাসগোতে চলছে স্কটল্যান্ড, নেদারল্যান্ডস ও নেপালের মধ্যকার ত্রিদেশীয় সিরিজ। গতকাল (সোমবার) সিরিজের দ্বিতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হয় ডাচরা। সেখানেই ঘটে এমন অবিশ্বাস্য এক ঘটনা।
প্রথমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫২ রান তুলে নেদারল্যান্ডস। রান তাড়ায় কিছুটা চাপে পড়ে গেলেও শেষ ওভারে ১৬ রান তুলে লড়াইয়ে ফেরে নেপাল। ৮ উইকেট হারিয়ে সমান ১৫২ রানই তুলতে পারে তারা।
এরপর শুরু হয় সুপার ওভারের লড়াই। সেখানে পরপর দুটো সুপার ওভারই টাই হয়। শেষ পর্যন্ত তৃতীয় সুপার ওভারে ম্যাচ জিতে যায় নেদারল্যান্ডস। শেষ হয় রোমাঞ্চে ভরপুর একটা লড়াই।
প্রথম সুপার ওভারে ১ উইকেটে ১৯ রান তুলে নেপাল। জবাবে কোনো উইকেট না হারিয়ে সমান ১৯ রানই করে ডাচরা। এরপর দ্বিতীয় সুপার ওভারে সমান ১৭ রান করে দুই দল।
খেলা গড়ায় তৃতীয় সুপার ওভারে। যেখানে নেপাল ৪ বল ব্যাট করে জোড়া উইকেট হারিয়েও পায়নি রানের দেখা। বিপরীতে ছক্কা হাঁকিয়ে ম্যাচ জিতে যায় ডাচরা।
আন্তর্জাতিক ক্রিকেটে তো প্রথম, ইতিহাস বলছে পুরুষদের স্বীকৃত ক্রিকেটেও এমন ঘটনা আগে দেখা যায়নি।
মন্তব্য করুন