
ঢাকা থেকে হবিগঞ্জে বাড়ি ফেরার পথে এক কিশোরীকে চলন্ত বাসে পালাক্রমে ধ’র্ষ’ণের অভিযোগ উঠেছে। রোববার (১৫ জুন) রাত ১১টার দিকে হবিগঞ্জের নবীগঞ্জ-আউশকান্দি সড়কের ছালামতপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাসের চালককে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তবে হেলপার পলাতক রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরী ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করেন এবং ঈদের ছুটিতে বাড়ি ফেরার জন্য ঢাকা থেকে বাসযোগে রওনা দেন। দীর্ঘ সফরের ক্লান্তিতে তিনি বাসে ঘুমিয়ে পড়েন এবং গন্তব্যে না নেমে সোজা সিলেট পৌঁছে যান। পরে ভুল বুঝতে পেরে তিনি হবিগঞ্জের উদ্দেশে ‘মা এন্টারপ্রাইজ’ নামে একটি যাত্রীবাহী বাসে ওঠেন।
বাসটি শেরপুর এলাকা পার হওয়ার পর অন্য যাত্রীরা নেমে গেলে বাসে একমাত্র কিশোরীকে একা পেয়ে চালক সাব্বির ও হেলপার লিটন মিয়া পালাক্রমে তাকে ধ’র্ষ’ণ করে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। নির্যাতনের একপর্যায়ে কিশোরীর চিৎকারে স্থানীয়রা বিষয়টি টের পান এবং সঙ্গে সঙ্গে পুলিশ ও সেনাবাহিনীর টহল দলকে খবর দেন।
পরে ছালামতপুর এলাকায় স্থানীয়দের সহায়তায় বাসটি থামিয়ে কিশোরীকে উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই চালক সাব্বিরকে আটক করা হয়, তবে হেলপার লিটন কৌশলে পালিয়ে যায়। পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
ভুক্তভোগী কিশোরী বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং তার শারীরিক ও মানসিক অবস্থা পর্যবেক্ষণে রেখেছে চিকিৎসক দল। স্থানীয় প্রশাসন ও জেলা পুলিশ ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছে।
হবিগঞ্জের নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “ঘটনাটি খুবই মর্মান্তিক। আমরা চালককে আটক করেছি এবং হেলপারকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। মেয়েটির পক্ষ থেকে মামলা গ্রহণের প্রক্রিয়া চলমান।”
এ ঘটনায় এলাকাজুড়ে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। নিরাপত্তার বিষয়টি নিয়ে যাত্রীদের মধ্যে দেখা দিয়েছে চরম আতঙ্ক।
মন্তব্য করুন