
উপকূলীয় শিক্ষার্থীদের জন্য বড় ধরনের সহায়তা নিয়ে এগিয়ে এল গুড নেইবারস বাংলাদেশ। তালতলী উপজেলার চারটি মাধ্যমিক বিদ্যালয়ের ১ হাজার ২২৪ শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ তুলে দিয়েছে সংস্থাটি।
রোববার (২৫ মে) সকালে আলীরবন্দর মোহাম্মদ মেনাজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এসব উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুড নেইবারস বাংলাদেশ, তালতলী সিডিপি’র ম্যানেজার নাইমুর রহমান শোভন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল হোসেন এবং তালতলী সাংবাদিক ফোরামের সভাপতি মো. হাইরাজ মাঝি।
‘নলেজ সেন্টার এস্টাবলিশমেন্ট অ্যান্ড এডুকেশন ফ্যাসিলিটিজ ফর স্কুলস ইন কোস্টাল এরিয়া’ প্রকল্পের আওতায় এই উদ্যোগ নেওয়া হয়।
আলীরবন্দর মোহাম্মদ মেনাজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়, বেহালা মাধ্যমিক বিদ্যালয়, দক্ষিণ ঝাড়াখালী এসইএসডিপি মডেল মাধ্যমিক বিদ্যালয় ও পঁচাকোড়ালিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়সহ চারটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়—৫টি খাতা, ৫টি কলম, একটি এক্সাম ব্যাগ ও একটি করে স্কুল ড্রেস।
শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থীদের চোখেমুখে দেখা যায় আনন্দের ঝিলিক। অনুষ্ঠানে বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলের শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহ জোগাতে গুড নেইবারস যেভাবে পাশে দাঁড়িয়েছে, তা সত্যিই প্রশংসনীয়।
মন্তব্য করুন