গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া ইউনিয়নে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য ফ্রি চক্ষু সেবা দিয়েছে এফসি গ্রুপ। বাংলাদেশ শাখার ব্যবস্থাপক আকিব ইসলামের উদ্যোগে নিজ জন্মভূমিতে এই ক্যাম্পের আয়োজন করা হয়।
গতকাল শনিবার (১০ মে) সকাল ৯টা ৩০ মিনিট থেকে নিজড়া হাইস্কুল মাঠে আয়োজিত এই ক্যাম্পে প্রায় ৭০০ রোগীকে চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে ৪০ জনের বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়। রোগীদের চোখের পরীক্ষা শেষে বিনামূল্যে ওষুধ ও চশমা দেওয়া হয়।
ক্যাম্পের উদ্বোধন করেন শহিদুল ইসলাম (বাবু সরদার)। সভাপতিত্ব করেন মাওলানা আকরামুজ্জামান সরদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. সৈয়দ শাহিন ইকবাল, পরিচালক, গোপালগঞ্জ চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ ইনস্টিটিউট। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ডা. অধ্যক্ষ মাওলানা আতিকুর রহমান (ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক), নিজড়া ইউপি চেয়ারম্যান আহমেদ আলী মিনা ধলু, সাবেক চেয়ারম্যান সরদার আজিজুর রহমান এবং এফসি গ্রুপের উপদেষ্টা লরেন্স বাড়ৈ।
গোপালগঞ্জ চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ৫ জন চক্ষু বিশেষজ্ঞসহ ১৪ সদস্যের একটি মেডিকেল টিম বিকেল ৩টা পর্যন্ত সেবা প্রদান করেন।
মন্তব্য করুন