রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা পড়েছে নবম শ্রেণি পাস এক যুবক। আটক হওয়া ব্যক্তির নাম মো. আব্দুস সোবহান। তিনি গাজীপুরের শ্রীপুর থানার মাওনা চৌরাস্তার কেওয়া নতুন বাজার এলাকার মো. ফারুকের ছেলে।
শুক্রবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত চলা পরীক্ষার সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম জানতে পারেন যে, দিনাজপুরের পরীক্ষার্থী মো. আজমাইন ফাইকের (রোল: ১৫৩৩৮৬) বদলে অন্য কেউ পরীক্ষা দিচ্ছেন। সন্দেহ হলে সোবহানকে আটক করে বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
পুলিশ ক্যাম্পের ইনচার্জ আজিজুর রহমান স্বপন জানান, আটক যুবক নবম শ্রেণি পাস। কীভাবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিতে এলো, তা নিয়ে তদন্ত চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোবহান প্রক্সি দেওয়ার কথা স্বীকার করেছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ঘটনায় থানায় মামলা করবে বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, এবার গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় উত্তরবঙ্গে সর্বোচ্চ পছন্দের কেন্দ্র ছিল বেরোবি। তাই নিরাপত্তা ব্যবস্থা ছিল কঠোর। মোট ২৫ হাজার শিক্ষার্থী অংশ নিয়েছেন ১১টি কেন্দ্রে।
মন্তব্য করুন