চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরায় অবস্থিত ব্রাদার্স ট্রেডিং কারখানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী “অগ্নি নিরাপত্তা, স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি” বিষয়ক কর্মশালা। বুধবার (৭ মে) সকাল ১০টা থেকে এ কর্মশালার আয়োজন করে বাণিজ্য মন্ত্রণালয়ের ‘প্লাস্টিক প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল’ এবং ‘বাংলাদেশ পেট ফ্রের ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন’।
কর্মশালায় সভাপতিত্ব করেন ব্রাদার্স ট্রেডিংয়ের সত্ত্বাধিকারী মোঃ ফখরুল আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটি–চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি মাওলানা অ্যাডভোকেট তাওহিদুল হক চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর থানার সমাজসেবক আবু তৈয়ব ও পাহাড়তলী থানার সমাজসেবক মোহাম্মদ মুজিবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা তাওহিদুল হক চৌধুরী বলেন, “প্লাস্টিক পণ্যের রপ্তানি সম্ভাবনা বৃদ্ধির লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে সরকারি-বেসরকারি খাতের যৌথ উদ্যোগে প্লাস্টিক প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল গঠন করা হয়েছে। কর্মশালায় অংশগ্রহণকারী শ্রমিকরা অগ্নি নিরাপত্তা বিষয়ক যে প্রশিক্ষণ পেয়েছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। ব্যক্তিগতভাবেও আমি এই প্রশিক্ষণ থেকে অনেক কিছু শিখেছি।”
তিনি আরও বলেন, “রিসাইকেল কার্যক্রম পরিবেশ রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর ব্রাদার্স ট্রেডিং এই অঞ্চলে পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
সভাপতির বক্তব্যে মোঃ ফখরুল আহমেদ বলেন, “আমরা প্লাস্টিক খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে চাই। দেশে-বিদেশে পণ্যের বাজার সম্প্রসারণ, মানোন্নয়ন ও জনসচেতনতা বাড়াতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের উদ্দেশ্য হলো রপ্তানি খাতে উল্লেখযোগ্য অবদান রাখা এবং বৈদেশিক মুদ্রা অর্জনে ভূমিকা পালন করা।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার–সীতাকুণ্ড পৌরসভা শাখার দপ্তর সম্পাদক আলাউদ্দিন (সোহেল), সহ-সভাপতি নিজাম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক রাফিদুল ইসলামসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
মন্তব্য করুন