গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার একমাত্র ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সটি এখন নিজেই যেন ‘অসুস্থ’। প্রায় সাড়ে সাত লাখ মানুষের স্বাস্থ্যসেবার ভরসাস্থল এই হাসপাতালটি চরম জনবল সংকটে ভুগছে। চিকিৎসক ও প্রয়োজনীয় কর্মচারীর অভাবে প্রতিদিনই সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ।
মঙ্গলবার (৬ মে) দুপুরে সরেজমিন গিয়ে দেখা যায়, বহির্বিভাগে রোগীর উপচে পড়া ভিড়। পর্যাপ্ত চিকিৎসক না থাকায় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে রোগীদের। সীমিত সংখ্যক চিকিৎসকদের ওপর অতিরিক্ত চাপ পড়ায় কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন অনেকে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিবাকর বসাক জানান, প্রতিদিন গড়ে ৫০০ রোগী বহির্বিভাগ ও জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসেন। অথচ ২৩টি মেডিকেল অফিসারের পদের বিপরীতে মাত্র ৪ জন চিকিৎসক কর্মরত রয়েছেন। একজন রয়েছেন মাতৃত্বকালীন ছুটিতে, এবং দুইজন প্রেষণে অন্যত্র নিয়োজিত। জনবল সংকটের কারণে অপারেশন থিয়েটার দীর্ঘদিন ধরেই বন্ধ। গাইনী চিকিৎসক না থাকায় সিজারিয়ান ডেলিভারিও বন্ধ রয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, ৩১৬টি অনুমোদিত পদের মধ্যে ১১৭টি শূন্য রয়েছে—যা মোট জনবলের প্রায় ৩৭ শতাংশ।
উল্লেখযোগ্য শূন্য পদগুলোর মধ্যে রয়েছে:
মেডিকেল অফিসার: ৯টি পদের মধ্যে ৫টি ফাঁকা
জুনিয়র কনসালটেন্ট: ১১টির মধ্যে ৯টি শূন্য
সহকারী সার্জন: ১৩টির মধ্যে ১০টি শূন্য
উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার: ১৭টির সবগুলো শূন্য
ফার্মাসিস্ট: ৯টির মধ্যে ৪টি ফাঁকা
স্বাস্থ্য সহকারী: ৮৫টির মধ্যে ৩১টি শূন্য
স্বাস্থ্য পরিদর্শক: ৬টির মধ্যে ৫টি শূন্য
সহকারী স্বাস্থ্য পরিদর্শক: ১৭টির মধ্যে ৮টি শূন্য
ওয়ার্ড বয়: ৩টির মধ্যে ২টি শূন্য
অফিস সহায়ক, পরিচ্ছন্নতা কর্মী ও ড্রাইভার: অধিকাংশ পদই শূন্য
ড্রাইভার না থাকায় অ্যাম্বুলেন্স সেবা কার্যত বন্ধ, ফলে জরুরি অবস্থায় রোগীদের ভোগান্তি চরমে।
এ বিষয়ে উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক শহিদুল ইসলাম মঞ্জু, সাবেক পৌর মেয়র নুরুন্নবী প্রামাণিক সাজু, বিএনপির উপজেলা সদস্য সচিব মাহামুদুর হাসান প্রামাণিক, ইসলামী ছাত্রশিবিরের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ বলেন, “সুন্দরগঞ্জ একটি বৃহৎ উপজেলা। এর আওতায় ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। এ বিশাল জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দ্রুত চিকিৎসক ও জনবল নিয়োগ অপরিহার্য।”
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, শূন্য পদ পূরণের লক্ষ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চাহিদাপত্র পাঠানো হয়েছে। প্রয়োজনীয় জনবল পেলে স্বাস্থ্যসেবার মান দ্রুত উন্নত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মন্তব্য করুন