দীর্ঘ ১০ মাস বন্ধ থাকার পর আগামী রবিবার (৪ মে) থেকে চালু হচ্ছে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস। ওই দিন থেকে আবেদনকারীরা সরাসরি উপস্থিত হয়ে ছবি তোলা, বায়োমেট্রিক ও আবেদন জমা দেওয়াসহ সকল কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।
নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক মোঃ জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৩০ এপ্রিল দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে পাসপোর্ট আবেদনকারীরা অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল (ORP)-এর মাধ্যমে আবেদন শুরু করেছেন। রবিবার থেকে এসব আবেদনকারীদের সরাসরি সেবা দেওয়া শুরু হবে।
উল্লেখ্য, গত বছরের ১৮ জুলাই রাতে দুর্বৃত্তরা নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে আগুন ধরিয়ে দেয়। এতে পুড়ে যায় বিতরণের অপেক্ষায় থাকা প্রায় ৮ হাজার পাসপোর্ট, ধ্বংস হয় পুরো অফিস ভবনের চারটি তলা, বায়োমেট্রিক যন্ত্রপাতি, প্রশাসনিক অফিস, রেকর্ডরুমসহ যাবতীয় গুরুত্বপূর্ণ নথিপত্র। এতে কয়েক কোটি টাকার সরকারি সম্পদ ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার পর সিদ্ধিরগঞ্জ, রূপগঞ্জ, সোনারগাঁ, আড়াইহাজার, ফতুল্লা, বন্দর ও সদর উপজেলার সেবা প্রত্যাশীদের মুন্সীগঞ্জ ও নরসিংদীতে গিয়ে পাসপোর্ট করতে হয়, যা ছিল ভোগান্তিপূর্ণ, ব্যয়বহুল ও সময়সাপেক্ষ।
প্রায় ছয় মাস বন্ধ থাকার পর পাসপোর্ট ভবনের সংস্কার কাজ শুরু করে গণপূর্ত বিভাগ। নারায়ণগঞ্জ জেলা গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম জানান, ভবনের স্ট্রাকচার ঠিক থাকলেও পলেস্তরা, টাইলস, গ্রিল, দরজা, সার্ভার ও যন্ত্রপাতি পুড়ে যায়। সংস্কার খরচ হয়েছে ৮২ লাখ টাকা, তবে যন্ত্রপাতির খরচ আলাদাভাবে নির্ধারণ করা হয়েছে।
বর্তমানে ভবনটি নতুন রূপে সাজানো হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে নিয়োজিত রয়েছেন গেটের নিরাপত্তাকর্মীরা। অফিসের আশপাশে দোকানপাটও নতুন করে চালু হচ্ছে। ফটোকপি, প্রিন্টিং ও কম্পিউটার সরঞ্জাম বসানো হচ্ছে পুরোনো দোকানগুলোতে।
এদিকে, স্থানীয় বাসিন্দা মোঃ নুরুল ইসলাম বলেন, “পাসপোর্ট অফিসটি আবার চালু হচ্ছে শুনে আমরা স্বস্তি পাচ্ছি। দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হবে এবার।”
মন্তব্য করুন