চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রম শুরু হয়।
উপজেলা কৃষি অফিসার সলেহ আকরাম জানান, ২০২৪-২৫ অর্থবছরের খরিফ-১/২০২৫ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আউশ ধানের (উফশী) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৪টি ইউনিয়নের ৫ হাজার ৫শ’ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হচ্ছে।
প্রতিটি কৃষকের মাঝে ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার ও ৫ কেজি উচ্চ ফলনশীল রোপা আউশ ধানের বীজ বিতরণ করা হচ্ছে।
সার-বীজ বিতরণকালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, উপজেলা কৃষি অফিসার সলেহ আকরাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুন নূর, নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রাকিব, আমিনুল ইসলাম, মনিরুল ইসলাম ও দিজেন রায়সহ অন্যান্যরা।
এ উদ্যোগে কৃষকদের উন্নতি এবং আবাদ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মন্তব্য করুন