কুমিল্লার দেবীদ্বারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ট্রাকের নিচে পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে কুমিল্লা–সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের গঙ্গামণ্ডল রাজ ইনস্টিটিউশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম আব্দুল্লাহ ভূঁইয়া (২৫), তিনি দেবীদ্বার উপজেলার ১০ নম্বর গুনাইঘর ইউনিয়নের শাকতলা গ্রামের বাসিন্দা। আহত হোসাইন ভূঁইয়া (২৫) একই গ্রামের মৃত হাসান ভূঁইয়ার ছেলে। সম্পর্কে তারা চাচাতো ভাই।
স্থানীয় সূত্রে জানা যায়, তারা দু’জন বুড়িচং উপজেলার রামপুর গ্রামে খালার বাড়ি থেকে মোটরসাইকেলে করে ফেরার পথে গঙ্গামণ্ডল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে কুমিল্লাগামী একটি মালবাহী ট্রাকের সামনে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আব্দুল্লাহ নিহত হন এবং হোসাইন গুরুতর আহত হন।
আহত হোসাইন ভূঁইয়াকে প্রথমে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে (কুমেক) পাঠানো হয়।
মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. পাভেজ আলী জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন