তিন কার্যদিবসের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (জকসু) নীতিমালা ও নির্বাচনী রোডম্যাপ প্রকাশের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের নিচে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই দাবিসমূহ তুলে ধরে।
সংগঠন দুটি অভিযোগ করে, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে বৈষম্য, অনিয়ম ও দুর্নীতি চললেও প্রশাসন প্রতিকার দিচ্ছে না। তারা বলেন, ৫ আগস্টের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের কিছু বিষয়ে আশ্বাস দিলেও বাস্তবায়নে কোনো অগ্রগতি নেই।
তাদের ৮ দফা দাবির মধ্যে রয়েছে—জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থীদের অ্যাকাডেমিক ফি মওকুফ, গত ১৫ বছরের নিয়োগ তদন্ত করে প্রতিবেদন প্রকাশ, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত সম্পন্ন করা, ২০ কার্যদিবসের মধ্যে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ, আবাসন সংকট নিরসন ও হল নির্মাণের কাজ শুরু, আবাসন বৃত্তি চালু এবং সমাবর্তনের আয়োজন।
আন্দোলনের মুখপাত্র নওশীন নাওয়ার জয়া বলেন, দাবি বাস্তবায়নে সুস্পষ্ট রোডম্যাপ ছাড়া ছাত্রসমাজ আর আশ্বাসে আশ্বস্ত হবে না। সংগঠক মেহেদী হাসান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর রোডম্যাপ ঘোষিত হলেও জবিতে এখনো জকসু নীতিমালার খসড়া পর্যন্ত চূড়ান্ত হয়নি।
সংবাদ সম্মেলনে কিশোর সাম্য, সিফাত হাসানসহ অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন