কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (টঙ্গী) প্রাঙ্গণে আজ বৃহস্পতিবার কেয়া গ্রুপ বন্ধের ঘোষিত নোটিশ প্রত্যাহারের দাবিতে শ্রমিকদের মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। “দুনিয়ার মজদুর এক হও”—এই ঐতিহাসিক স্লোগান সামনে রেখে শ্রমিক নেত্রী স্মৃতি আক্তার-এর নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে শত শত শ্রমিক অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, কেয়া গ্রুপ বন্ধ হলে অসংখ্য শ্রমিক, বিশেষ করে বধির ও প্রতিবন্ধী শ্রমিকরা চরম বিপদের মুখে পড়বে। অবিলম্বে কারখানা চালু রাখা এবং শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিত করার দাবি জানান তারা। শ্রমিক নেত্রী স্মৃতি আক্তার বলেন, “আমরা মালিক পক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি—কারখানা বন্ধের নোটিশ অবিলম্বে প্রত্যাহার করুন। প্রতিবন্ধীসহ সকল শ্রমিক যেন তাদের ন্যায্য অধিকার নিয়ে নিরাপদে কাজ করতে পারে, তা নিশ্চিত করুন।”
সমাবেশে উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রমিক-কর্মচারী ইউনিয়ন ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তারা বলেন, শ্রমিকদের রুটি-রুজির প্রশ্নে কোনো ধরনের খামখেয়ালি বরদাশত করা হবে না। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। মিছিল ও মানববন্ধনের মধ্য দিয়ে শ্রমিকরা তাদের দাবির পক্ষে একাত্মতা ঘোষণা করেন এবং কেয়া গ্রুপ কর্তৃপক্ষকে এই সংকট নিরসনের জন্য মানবিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।
মন্তব্য করুন