ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে সেখানে অবস্থানরত বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধাদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে এক জরুরি বৈঠক করেন তিনি। বৈঠকে প্রবাসীদের সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠক সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনার কারণে বহু আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। এতে করে বিপাকে পড়েছেন অসংখ্য বাংলাদেশি যাত্রী। বিশেষ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ আটকে পড়া যাত্রীদের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী।
তিনি নির্দেশ দিয়েছেন, বিমানবন্দরে আটকে থাকা যাত্রীদের যথাযথ খাবার, থাকার ব্যবস্থা এবং বিকল্প ফ্লাইটের সমন্বয় দ্রুত নিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিমান প্রতিমন্ত্রী ও প্রবাসী কল্যাণ মন্ত্রী সরেজমিনে বিমানবন্দরে অবস্থান করে পরিস্থিতি তদারকি করছেন এবং যাত্রীদের সহায়তা প্রদান করছেন।
সরকারি সূত্র বলছে, মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশিদের সঙ্গে দূতাবাস ও কনস্যুলেটগুলো নিয়মিত যোগাযোগ রাখছে। প্রয়োজনে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রস্তুতিও রাখা হয়েছে।
চলমান এই সংকটময় পরিস্থিতিতে প্রবাসীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী।
মন্তব্য করুন